
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন সাবরাংয়ের রুহুল্লার ডেপা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাবরাং এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।